আলো ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, জতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক বিএনপি তা চায়। আর যেন এটি দীর্ঘায়িত না হয়। বিএনপি সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা করলেও একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন অভিযোগ করেন, ‘বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। উপর্যুপরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযজ্ঞে উৎসাহ দেওয়া হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি নীতিগতভাবে একমত, ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। সংবিধানে যা অন্তর্ভুক্ত হবে। আর হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপনের বিষয়েও আমরা একমত। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেই এটি করতে হবে। তা করা গেলে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছবে।’
তিনি বলেন, ‘অধস্তন আদালতের অনেক বিচারক এখনও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী খুনিদের গ্রেফতার করলেও দুই দিন পরই তাদের জামিন হয়ে যায়। বিগত দিনেও তারা রাতে কোর্ট বসিয়ে দেশের রাজনীতিবিদ ও পেশাজীবীদের অন্যায়ভাবে সাজা দিয়েছে। তাই এসব বিচারককে শুধু চাকরিচ্যুত বা বদলি করলেই হবে না। তাদের উপযুক্ত বিচারও করতে হবে।’
