আলো ডেস্ক
বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকায় ঋণ গ্রহণের সুযোগ আরও সহজ হলো। এইসব প্রতিষ্ঠানের জন্য ঋণ-ইকুইটি অনুপাত ৫০:৫০ থেকে বাড়িয়ে ৬০:৪০ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২ জুলাই) জারি করা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ঋণের ক্ষেত্রে শর্ত শিথিল
বিদ্যমান নীতিমালায় ঋণ নিতে হলে ওই প্রতিষ্ঠানের ইকুইটি ও ঋণের অনুপাত ৫০:৫০-এর বেশি হওয়া যেতো না। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই অনুপাত সর্বোচ্চ ৬০:৪০ পর্যন্ত হতে পারবে। অর্থাৎ, এখন থেকে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো তাদের মোট মূলধনের ৬০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ নিতে পারবে, যা আগে ছিল ৫০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ-ইকুইটি অনুপাত সংক্রান্ত নতুন এই সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য সব নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব ক্লায়েন্টদের অবহিত করার জন্য সকল অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর জন্য অর্থায়ন পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে, দেশীয় ব্যাংকগুলোর সঙ্গে বিদেশি কোম্পানির অংশীদারত্ব আরও বাড়বে এবং উৎপাদন খাতে সম্প্রসারণ ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।
