আলো ডেস্ক:
যশোরের অভয়নগরে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে ফশিয়ার রহমান মোল্যা (৭৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে এই ঘটনা ঘটে। ফশিয়ার রহমান মোল্যা বনগ্রামের মৃত মোসলেম আলী মোল্যার ছেলে।
পেশায় তিনি একজন কৃষক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য রাজিব হাসান বলেন, বাড়ির পাশের বিলে নিজ জমিতে কাজ করছিলেন ফশিয়ার রহমান।
সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ফশিয়ার রহমান গুরুতর আহত হয়ে বিলের মধ্যে পড়ে ছিলেন।
পরে অন্যান্য কৃষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মহিউদ্দিন বলেন, গত সোমবার রাত ৮টার দিকে মৃত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়।
তার বুক, পেট ও ডান হাতের পোড়া চিহ্ন দেখে মনে হয়েছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
