আলো ডেস্ক:
ঝিনাইদহে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর প্রতিবেশী অভিযুক্ত ধর্ষক তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডলকে (৩১) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রাত একটার দিকে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সদর থানায় সোহেল মন্ডলকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ওই শিশু প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে যায়।
সেসময় সোহেল তার নিজের শিশু সন্তানকে কোলে নেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে ঘরের মধ্যে ডেকে নেয়।
এক পর্যায়ে সোহেল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফেরার পর সন্ধ্যায় শারীরিক যন্ত্রণা শুরু হয়। তখন সে তার মাকে ঘটনা খুলে বলে।
এরপরই বিষয়টি জানাজানি হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় মামলার পর আসামি সোহেল মন্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে লেখাপড়া করেনা। বাড়িতেই বেশি সময় থাকে। মাঝেমধ্যে প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে যায়, তার ছোট শিশুকে কোলে নেয়।
গত রোববারও তাদের বাড়িতে যায় সে। তখন সোহেল তার মেয়েকে কোলে নেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে।
