আলো ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকারের সময়ে পিট্টি মারলে (মারধর করলে) পুলিশ খুব সচল বলে ভাবা হতো। সরকার এমন পুলিশ চাইছে না। তিনি বলেন, ‘বর্তমান পুলিশ মানবিক পুলিশ এবং আগের থেকে তারা অনেক সক্রিয়। আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে।’
রবিবার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এমন মন্তব্য করেন। ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে সচল হয়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কে বললো সচল হয়নি? এখন সচল হওয়া বলতে যদি আপনারা আগের ১৫ বছরের মতো ভাবেন, গেলে দুটি পিট্টি মারলে, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে।’
র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি—এটার সঙ্গে যে-ই জড়িত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব, তাদের যাতে আইনের আওতায় নিয়ে আসতে পারি।’
