তথ্যবিবরণী
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ (হিজরি ১৪৪৬) উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে।
সকাল সাড়ে সাতটায় মহানগরীর হযরত শাহ্মখদুম (র:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল আটটায় হযরত শাহ্মখদুম (র:) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ওইদিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে।
পরিচ্ছন্নতাকর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে সেজন্য কোরবানীর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
