আলো ডেস্ক:
দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না।
আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে।
গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সকাল ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে ‘দ্য হিরোস অব ঝিনাইদহ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, আপনাদের কথায় যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে তা হবে দুঃখজনক। সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথের একটি প্রতিবন্ধকতা।
তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদসহ অন্যরা বক্তব্য দেন।
