আলো ডেস্ক
ঈদযাত্রার শুরুতেই ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং অন্তত চার জন আহত হয়েছেন। নিহতরা গরু কিনতে যাচ্ছিলেন বলে জানা গেছে। বুধবার (৪ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গরু কেনার উদ্দেশ্যে মাদারীপুরের টেকেরহাট যাচ্ছিলেন শিবচরের একটি পরিবারের সদস্যসহ কয়েকজন। তারা মাহেন্দ্রযোগে চুমুরদি বাবলাতলা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যান। বাকি চার জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চুমুরদি বাসস্ট্যান্ড এলাকার পরিবহন শ্রমিক ওহাব মোল্লা বলেন, ‘মাহেন্দ্রটি সাইড দিয়ে রাস্তার ওপর ওঠার সময় দ্রুতগামী একটি বাস সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই এলোমেলো হয়ে যায় সবকিছু। আমরা ছুটে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিই এবং আহতদের হাসপাতালে পাঠাই।’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানসির জুবায়ের বলেন, ‘আহত পাঁচ জনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুল আলম খান বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। গরু কিনতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তদন্ত চলছে।’
