আলো ডেস্ক
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রেলওয়ের ঈদযাত্রা বিষয়ক কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলবে না। ওইদিন ‘রেক ব্যালেন্সের’ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মেইল এক্সপ্রেস ট্রেন চালানো হবে বিশেষ ব্যবস্থায়।
এ ছাড়া ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামাল দিতে আগামীকাল ৪ জুন থেকে পাঁচ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন চালু হচ্ছে।
রেল ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারির পাশাপাশি সিগনালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনও দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তার জন্য রিলিফ ট্রেনগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
