আলো ডেস্ক
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে ‘সমাধান’ নামে দেশে ই-ওয়ালেট বা ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট সেবা দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট সোমবার (২ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪) অনুযায়ী ২০২৫ সালের ২ জুন থেকে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-কে শর্তসাপেক্ষে পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে।
‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-এর পরিচালনা পর্ষদে রয়েছেন ৯ জন সদস্য। তাদের সবাই গ্রামীণ টেলিকমের মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।
এদিকে, দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি ও বাংলালিংক নিজস্ব ডিজিটাল ওয়ালেট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। অনলাইন মার্কেটপ্লেস দারাজ ও চালডাল ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।
এছাড়া, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতেও দেশের ১৬টি ব্যাংক বর্তমানে অনুমোদিতভাবে লেনদেন সেবা দিচ্ছে। এদের মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংকের বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউসিবির উপায়, সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ, ওয়ান ব্যাংকের ওকে, মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশ, প্রাইম ব্যাংকের প্রাইম ক্যাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল মানি, মেঘনা ব্যাংকের ট্যাপ এন পে এবং শিওর ক্যাশ সেবা দিচ্ছে রূপালী, ফার্স্ট সিকিউরিটি, বাংলাদেশ কমার্স, এনসিসি ও যমুনা ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
