আলো ডেস্ক
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ‘ব্যালট’ নামে তিন বছর মেয়াদী প্রকল্প শুরু হচ্ছে। বুধবার (২৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে।
বৃহস্পতিবার (২৯ মে) ঢাকায় জাতিসংঘ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তি সই করেন। অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইং প্রধান এ কে এম সোহেল, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং এবং বাংলাদেশ সরকার ও জাতিসংঘের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ব্যালট প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে— যা স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং সব নাগরিকের জন্য বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে আমাদেরকে প্রয়োজনীয় কারিগরি এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।’
স্টেফান লিলার বলেন, ‘ব্যালট প্রকল্পের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে ইউএনডিপি গর্বিত। উদ্যোগটি কেবল কারিগরি সহায়তা নয়, এটি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ভোটারদের ক্ষমতায়ন এবং নির্বাচনি প্রক্রিয়ার ওপর আস্থা তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা, জবাবদিহি, দায়বদ্ধতা এবং জনসাধারণের আস্থা নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আবশ্যক।
