সংগৃহীত
আলো ডেস্ক
সবার কাছে বিনা শর্তে মাফ চেয়েছেন একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ মে) একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমির বলেন, ‘দল হিসেবে দাবি করি না, আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার কাছে বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’
‘আমাদের কোনও আচরণে, কোনও পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলেও ক্ষমা করে দেবেন।’ উল্লেখ করেন শফিকুর রহমান।
তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের চরম জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মহিমায় দীর্ঘ কারাভোগের পর মুক্তিলাভ করেছেন।
জামায়াতের আমির বলেন, ‘জাতির অনেকগুলো বার্নিং ইস্যু এখনও আনরিসলভড। এখানেও সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজন জনগণের স্বার্থকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা কথা দিচ্ছি, আল্লাহর একান্ত ইচ্ছায়, দেশবাসীর সমর্থন পেয়ে দেশের সেবা করার দায়িত্ব পেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবো। সমাজ থেকে বৈষম্য দূর করতে জনগণকে সঙ্গে নিয়ে সবটুকু দিয়ে চেষ্টা করবো।’
