আলো ডেস্ক
সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন। সোমবার (২৬ মে) আদালতে হাজিরার জন্য হাজতখানায় রাখা হলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ।
তিনি বলেন, কামরুল ইসলাম বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত, ওজন কমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। আজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের দিকে আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে হাজতখানায় প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয় তাকে।
গত বছরের ১১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগ রয়েছে, তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের তথ্যমতে, কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৭৭ লাখ টাকা জমা ছিল, যার মধ্যে ১৩ কোটি ২২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা।
এর আগে, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। কামরুল ইসলামের পরিবার ও আইনজীবী তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
