রাজশাহীর গোদাগাড়ীতে বিলুপ্তপ্রায় মাইড়্যা চাষে কৃষকদের নতুন আশার আলো
গোদাগাড়ী প্রতিনিধি
একসময় রাজশাহীর চরাঞ্চলে ব্যাপক হারে চাষ হতো মাইড়্যা। তবে অন্যান্য লাভজনক ফসলের চাষের কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী ফসলটি। মাইড়্যা এক ধরনের খোসাযুক্ত দানাদার ফসল যার খোসা ছড়িয়ে ভিতরের কালো রঙের ছোট দানাগুলো থেকে ময়দা তৈরি করা হয়। এই ময়দা দিয়ে তৈরি হতো মাইড়্যার রুটি যা একসময় গোদাগাড়ীসহ রাজশাহীর মানুষের জনপ্রিয় খাবার ছিল।
বর্তমানে বিলুপ্তপ্রায় এই মাইড়্যা চাষে নতুন করে আগ্রহ দেখিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালডাং বেলতলা এলাকার কয়েকজন কৃষক। এই এলাকায় মাইড়্যার চাষ করে আশার আলো দেখছেন তারা।
বেলতলা গ্রামের কৃষক সাইদুর রহমান জানান এক সময় বাপ-দাদারা মাইড়্যা চাষ করতেন। আমরাও মাইড়্যার রুটি খেতাম। এটি শরীর ঠান্ডা রাখে। এখন আর কেউ চাষ করে না বলে হারিয়ে যাচ্ছে এই ফসলটি। এবার আমি ১৫ কাঠা জমিতে মাইড়্যা চাষ করেছি। ফাল্গুন মাসে বীজ বুনেছি, এখন শীষে বীজ হয়ে গেছে পাকতেও শুরু করেছে। কযেক দিনের মধ্যেই কাটা শুরু করব।
তিনি আরও বলেন এই পর্যন্ত ১৫ কাঠা জমিতে ৩০ কেজি সার ব্যবহার করেছি ও তিনবার সেচ দিয়েছি। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ হাজার ৫০০ টাকা। আরও একবার সেচ দিতে হতে পারে। তাহলে মোট খরচ হবে প্রায় ৩ হাজার টাকা। আশা করছি বিঘা প্রতি ১০ মণ হারে ফলন পাব। বাজারে এখন প্রতি মণ মাইড়্যার দাম ৩ হাজার ২০০ টাকা। সব খরচ বাদ দিয়ে ১৫ কাঠা জমিতে ১৮ থেকে ১৯ হাজার টাকা লাভের আশা করছি।
রামপাড়া গ্রামের আরেক কৃষক রেজাউল ইসলাম জানান তিনি ১০ কাঠা জমিতে মাইড়্যার চাষ করেছেন। তার খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকা। তিনি বলেন এই জমিতে সার ও চারবার সেচ দিতে হয়। প্রতি বিঘায় ১০-১১ মণ পর্যন্ত ফলন হয়। বর্তমানে কেজিপ্রতি ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। রুটির জন্য এর চাহিদা অনেক।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন মাইড়্যা একটি প্রায় বিলুপ্তপ্রায় ফসল হলেও এবার কিছু কৃষক এটি চাষ করেছে। এটি লাভজনক একটি ফসল। কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে, যেন তারা আবারও মাইড়্যা চাষে আগ্রহী হন।
স্থানীয় কৃষকদের মতে মাইড়্যার চাষে খরচ কম রোগবালাইও তুলনামূলকভাবে কম। তাছাড়া এর রুটি সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় বাজারে চাহিদা রয়েছে। তাই তারা মনে করছেন মাইড়্যার চাষ পুনরায় শুরু হলে কৃষকরা লাভবান হবেন এবং এই ঐতিহ্যবাহী ফসলটি আবারও ফিরে আসবে।
এভাবে বিলুপ্তপ্রায় মাইড়্যার চাষে নতুন করে আগ্রহ দেখিয়ে গোদাগাড়ীর কৃষকরা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই উদ্যোগ অন্যান্য কৃষকদেরও মাইড়্যা চাষে উৎসাহিত করবে বলে আশা করা যায়।
