সংগৃহীত
বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করায় শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছেন অনেকে। এবার এ বিষয়টি নিয়ে কথা বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি উপদেষ্টা মস্তোফা সরয়ার ফারুকী।
ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর ঘটনা বলে মনে করছেন তিনি।
সোমবার (১৯ মে) নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। তবে আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।
এরপর লেখেন, আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।
উপদেষ্টা যোগ করেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।
ফারুকীর বিশ্বাস ফারিয়া আইনি প্রতিকার পাবেন। এরকম উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা।
সবশেষে ফারুকী বলেন, আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।
গতকাল রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখান হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সেইসাথে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।
