সংগৃহীত
আলো ডেস্ক
ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আওয়ামী লীগের সাবেক নেতা ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে দর্শনার জয়নগর ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন গোলাম মোর্তুজা। এ সময় তার আচরণে সন্দেহ হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে বিএনপি নেতাকে অপহরণপূর্বক নির্যাতনের অভিযোগে একটি নিয়মিত মামলা রয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সূত্র- বাংলানিউজটোয়েন্টিফোর.কম’
https://www.banglanews24.com/saradesh/news/bd/1515525.details
