আলো ডেস্ক:
রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলার জন্য ২০২৫-২৬ মেয়াদে প্রায় ৯৪ কোটি ডলার সহায়তার জন্য আবেদন করেছে জাতিসংঘ।
গতকাল সোমবার জেনেভায় অংশীজনদের সঙ্গে নিয়ে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
এই ইভেন্টে নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলির জন্য প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, রাখাইনে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং আরাকান আর্মি ওই প্রদেশের বড় ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
আমরা আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়ে রোহিঙ্গারা জানিয়েছে—তারা ফেরত যেতে চায়। এ জন্য আমাদের কাজ করতে হবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমানে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং প্রতিবছর ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করছে।
রাখাইনে সংঘর্ষের কারণে গত কয়েক মাসে ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান এবং এর জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে উল্লেখ করেন। প্রসঙ্গত, ২০১৭ থেকে রোহিঙ্গাদের জন্য জেআরপির মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
২০২৫-২৬ প্রথমবারের মতো দুই বছরের জন্য জেআরপি তৈরি করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী এই সংকটের যাত্রা এবং বাংলাদেশের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি দাতাদের দীর্ঘমেয়াদি সহায়তার সুযোগ করে দেবে। ২০২৬ সালের পরিকল্পনাগুলো পরিস্থিতির বিবেচনায় পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
