রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
মো: ফায়সাল হোসেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সাধারণ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
রচনা প্রতিযোগিতা তিনটি গ্রুপে বিভক্ত ছিল। ক-গ্রুপে (৫ম-৮ম শ্রেণি): প্রতিযোগীরা “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়” বিষয়ে লিখেছেন। খ-গ্রুপে (৯ম-১২শ শ্রেণি): তাঁদের রচনার বিষয় ছিল “স্বাধীনতার স্বপ্ন ও বাস্তবতা”।
গ-গ্রুপে (স্নাতক/ স্নাতকোত্তর/ সর্বসাধারণ): অংশগ্রহণকারীরা লিখেছেন “স্বাধীনতার সুরক্ষায় নতুন প্রজন্ম”। রচনা প্রতিযোগিতায় মোট ৬২ জন অংশগ্রহণ করেন, যেখানে প্রতিটি লেখার মাধ্যমে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি গ্রুপে: ক-গ্রুপ (শিশু-দ্বিতীয় শ্রেণি), খ-গ্রুপ (৩য়-৫ম শ্রেণি)। উন্মুক্ত বিষয়ের ওপর আঁকা চিত্রগুলোর মধ্যে দেখা যায় দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং ঐতিহাসিক ঘটনা। প্রায় ২০০ জন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যা আয়োজনে নতুন মাত্রা যোগ করে। রাজশাহীর খ্যাতনামা প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকদের মতে, শিশু-কিশোরদের সৃজনশীলতা ও জাতীয় চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সচেতন করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই তারা মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠুক।”
স্বাধীনতা দিবসের এই বিশেষ আয়োজনে প্রতিযোগীদের প্রতিভা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ প্রশংসিত হয়েছে। বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
