তানোরে ঋণ পরিশোধ করতে না পেরে ভুটভুটি চালকের আত্মহত্যা’
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
রাজশাহীর তানোরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আরিফ হোসেন (২৬) নামে এক ভুটভুটি চালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের জুড়ানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরিফ চাঁন্দুড়িয়া ইউনিয়নের জুড়ানপুকুর গ্রামের ইয়াদ আলীর ছেলে।
মৃতের পরিবারের বরাদ দিয়ে জানা যায়, ‘আরিফ পেশায় ভুটভুটি ভ্যানচালক। পারিবারিক সমস্যায় পড়ে অনেক দিন আগে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক বিএম আহম্মেদের কাছে থেকে প্রায় ৯০ হাজার টাকা ঋণ নেন।
তবে আর্থিক অসচ্ছলতায় আরিফ সময়মতো সেই ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। এমতাবস্থায় গত বৃহস্পতিবার পাওনা টাকার জেরে কৃষকদল নেতা বিএম আহম্মেদের সাথে আরিফের কথা কাটাকাটি হয়। এবং বিএম আহম্মেদ আরিফের ভুটভুটিভ্যান নিজের জিম্মায় নেয়।
এরই সূত্র ধরে গত সোমবার দিবাগত রাতে আরিফ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের লোকজন টের পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে চাঁন্দুড়িয়া ইউনিয়নের জুড়ানপুকুর গ্রামের হাজি দারেসের ছেলে বিএম আহম্মেদ (৩৫), মমতাজের ছেলে শামিউল (৩৩) এবং ইন্তানের ছেলে অসিমের (৩৪) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
