রাজশাহীতে টেক্সটাইল মিলসের বৃক্ষ নিধন ও পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে টেক্সটাইল মিলসের শত শত গাছ নিধন এবং পুকুর ভরাটের প্রতিবাদে ফুঁসে উঠেছে পরিবেশ সংগঠনগুলো।
রাজশাহী টেক্সটাইল মিলসের শতাধিক গাছ নির্বিচারে হত্যা এবং বিশাল আকৃতির পুকুর ভরাট বন্ধের দাবিতে গতকাল (১০ মার্চ) সোমবার সকালে রাজশাহী টেক্সটাইল মিলসের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় যুবকরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান এবং স্মারকলিপি প্রদান করেন।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু’র নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচি রাজশাহীর পরিবেশ আন্দোলনে একটি নতুন দিক উন্মোচন করেছে।
এর আগে গত ৮ মার্চ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকায় ‘পরিবেশ বিপর্যয়ের পথে রাজশাহী: প্রাণ-আরএফএল কর্তন করলো শত শত গাছ, ভরাট হলো পুকুর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতে স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো এই প্রতিবাদ কর্মসূচি হাতে নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “রাজশাহী টেক্সটাইল মিলস এলাকার প্রাকৃতিক পরিবেশ একসময় ছিল সবুজে আচ্ছাদিত। কিন্তু কয়েকদিনের মধ্যে এখানে শত শত গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে এবং বিশাল পুকুরটি ভরাট করা হয়েছে, যা এলাকার তাপমাত্রা এবং পরিবেশে মারাত্মক প্রভাব ফেলবে।”
বক্তারা আরও বলেন, “সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, যাতে এই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং ভরাটকৃত পুকুরটি পুনরুদ্ধার করা হয়। এছাড়া কর্তণকৃত বৃক্ষের জায়গায় দেশীয় জাতের বনজ, ফলজ ও ঔষুধি বৃক্ষ রোপন করা। ঐতিহ্যবাহী এই টেক্সটাইল মিলটির লিজ বাতিল করে, সেখানকার গাছগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ।. পাশাপাশি, নগরের ১০-১২% এলাকা জলাশয় ও ১৫% বনভূমি থাকার ব্যবস্থা নিশ্চিত করা দরকার।”
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহীর রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ পরিষদ এর সদস্য মাহবুব জামাল কাদেরী, পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, সেভ দি নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা, ভাইব্রেন্ট ভিশিওনারিজ নেটওয়ার্ক এর উপদেষ্টা হাসিবুল হাসনাত রিজভি, স্থানীয় বাসিন্দা মমিনুজ্জামান টেকনসহ প্রমুখ।
পরবর্তী সময়ে, একই দাবীসম্বলিত একটি স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার-এর কাছে পেশ করা হয়।
