পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মডেল থানার সামনে পদ্মা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। তিনি গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নামে। একপর্যায়ে পানির গভীরে চলে গিয়ে সে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, খবর পাওয়ার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ফরহাদের মরদেহ উদ্ধার করে।
ফরহাদের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পদ্মা নদীতে গোসলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।
