রাজশাহীতে দারুল মদিনাহ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অভিভাবকদের
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টরে অবস্থিত দারুল মদিনাহ আন্তর্জাতিক ইসলামিক ইংলিশ স্কুলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
তাদের অভিযোগ,বুধবার (২৬ ফেব্রুয়ারি) হঠাৎ করে স্কুলের শিক্ষকরা পাঠদান বন্ধ করে দিয়েছেন এবং শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ করে শিক্ষার্থী ও অভিভাবকদের অপমান করেন।
অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকার সংকট রয়েছে। তাছাড়া, অতিরিক্ত ক্লাসের নামে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে, যদিও ভর্তি হওয়ার সময় প্রতিমাসে বেতন পরিশোধের মাধ্যমেই সব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নিয়মিত পাঠদানও হচ্ছে না, বরং বিভিন্ন অজুহাতে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া, স্কুল কর্তৃপক্ষ ওয়াই-ফাই ও এসিযুক্ত ক্লাসরুম, ইংলিশ স্পোকেন ক্লাসের সুবিধার কথা বললেও, বাস্তবে তা চালু করা হয়নি। অভিভাবকদের অভিযোগ, তারা একাধিকবার লিখিতভাবে প্রতিবাদ জানালেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
এই বিষয়ে স্কুলের অফিস প্রধান বখতিয়ার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি মুঠোফোনে বলেন, “ক্লাস বন্ধ থাকার বিষয়ে আমি প্রথম শুনলাম। এছাড়া, কোনো অভিভাবক আমার কাছে অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে”।
শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিভাবকদের দাবি, শিক্ষক নিয়োগেও অনিয়ম রয়েছে। অনেক শিক্ষক যথাযথ নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন, ফলে তারা নিজেদের চাকরি নিয়ে শঙ্কিত। তাছাড়া, নারী শিক্ষকরা পুরুষ অভিভাবকদের সঙ্গে কথা বলতে চাননি।
অভিভাবকরা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
