জামায়াত ইসলামীর ব্যাখ্যা অজ্ঞাতসারে মঞ্চে উঠেছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান স্বপন; তিনি জামায়াতের কেউ নন
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে জামায়াতে ইসলামীর সম্মেলন মঞ্চে আওয়ামী আমলে ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন কীভাবে মঞ্চে উঠেছিলেন, সেই ব্যাখা দিয়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলের রাজশাহী মহানগরের আমিরের ‘অজ্ঞাতসারে’ মঞ্চে উঠেছিলেন স্বপন। তিনি জামায়াতের কেউ নন।
অনলাইন নিউজপোর্টাল বাংলা আউটলুকে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এক প্রতিবাদলিপিতে এ ব্যাখা দেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রতিবাদলিপিটি পাঠান জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।
এর আগে বুধবার বাংলা আউটলুকে ‘১৩ হাজার কোটি টাকা লুটেও বহাল তবিয়তে নাবিল গ্রুপ, নেপথ্যে জামায়াতের আশকারা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদনটি করেন আল-জাজিরার আলোচিত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
প্রকাশিত সংবাদটিকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। তিনি বিবৃতিতে বলেন, ‘বাংলা আউটলুক অনলাইন পোর্টালে অনুসন্ধানী রিপোর্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নাবিল গ্রুপের রাজনৈতিক সংস্লিষ্টতা সম্পর্কে যে সব অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই।’
বিবৃতিতে ড. মাওলানা কেরামত আলী আরও বলেন, ‘গত ১৮ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জামায়াতে ইসলামীর সম্মেলনে লক্ষ জনতার পাশাপাশি রাজশাহীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে রাজশাহী মহানগরীর আমীরের অজ্ঞাতসারে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন মঞ্চে উঠে পড়েন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন পর্যায়ের কর্মী নন। নাবিল গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান এবং এসকল প্রতিষ্ঠানের ব্যাংক ঋনও একান্ত তার নিজস্ব এবং এর ভালো মন্দের দায়ও একমাত্র তার নিজের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে এর কোন সংশ্লিষ্টতা নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে মুলত জনগণের নিকট জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমি বাংলা আউটলুক অনলাইন পোর্টালের এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি যে, পোর্টালটি আমার এ প্রতিবাদটি সকলের জানার জন্য যথাস্থানে ছাপিয়ে সাংবাদিকতার নীতির প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এর মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হবে।’
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজশাহীর মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
