রাজশাহীতে নামাজের সময় গান বাজনার’ অভিযোগ তুলে কলেজের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে বর্ষপূর্তির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ১৫-২০ জন ব্যক্তি লাঠিসোঁটা ও রড নিয়ে এ হামলা চালায়। হামলার সময় তারা প্রায় ৬০-৭০টি চেয়ার এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন জানিয়েছেন, হামলাকারীরা অভিযোগ করে যে নামাজের সময় গানবাজনা চলছিল। তবে অধ্যক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জোহর ও আসরের নামাজের সময় অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল। এর পরেও এমন হামলা দুঃখজনক।’
হামলার বিষয়ে তিনি আরও বলেন, ‘তারা কারও সঙ্গে কোনো কথা না বলেই অনুষ্ঠানস্থলে এসে ভাঙচুর শুরু করে। হামলাকারীদের আমি চিনতে পারিনি। তবে বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করছে।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ‘পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। কলেজ কর্তৃপক্ষ যদি অভিযোগ করে, তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা ভীত ও আতঙ্কিত। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিষয়ে গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
