সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্টেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র চার দিনের মধ্যেই ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করেছে সফরকারীরা। ফলোঅনে পড়ার পরও দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় শ্রীলঙ্কা, যা তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় হার হিসেবে নথিভুক্ত হয়েছে।
এর আগে, শ্রীলঙ্কার সবচেয়ে বড় পরাজয় ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, যেখানে তারা এক ইনিংস ও ২৩৯ রানে হেরেছিল। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও বড় ব্যবধানে হারতে হলো তাদের।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৬৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সেই ধসের নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার বামহাতি স্পিনার ম্যাথু কুনেমান, যিনি একাই তুলে নেন ৫ উইকেট। নাথান লায়ন ৩টি ও মিচেল স্টার্ক ২টি উইকেট নিয়ে তাকে দারুণভাবে সঙ্গ দেন।
ফলোঅন করানো হলে দ্বিতীয় ইনিংসেও আশানুরূপ কিছু করতে পারেনি স্বাগতিকরা। প্রথম সেশনের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। যদিও কামিন্দু মেন্ডিস (৩২), অ্যাঞ্জেলো ম্যাথুজ (৪১), ধনাঞ্জয়া ডি সিলভা (৩৯) ও কুশল মেন্ডিস (৩৪) কিছুটা লড়াই করার চেষ্টা করেন, কিন্তু সেটি টিকে থাকেনি বেশিক্ষণ।
অস্ট্রেলিয়ার স্পিনারদের দাপট দ্বিতীয় ইনিংসেও স্পষ্ট ছিল। কুনেমান আরও ৪টি উইকেট তুলে নেন, যার ফলে দুই ইনিংস মিলিয়ে তার শিকার দাঁড়ায় ৯টিতে। অন্যদিকে, নাথান লায়নও ৪ উইকেট নেন।
দ্রুত উইকেট হারানোর পর শেষ দিকে লঙ্কান ব্যাটার জেফরে ভ্যান্ডারসে কিছুটা লড়াই করেন। ৪৭ বলে ৭ চার ও ২ ছক্কার ঝড়ো ইনিংস খেলে তিনি ৫৩ রান করেন। তবে তার বিদায়ের সাথে-সাথে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস, মাত্র ২৪৭ রানে অলআউট হয় তারা।
অস্ট্রেলিয়ার জন্য এটি শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বড় জয়, আর শ্রীলঙ্কার জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে লজ্জার পরাজয়।
