সংগৃহীত
আলো ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। অন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে সেটি তারা বাস্তবায়ন করবে।
সোমবার(২৭ জানুয়ারি) দুপুরে নগরের শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, অন্তবর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। তাদের সাথে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজার ব্যবস্থা স্বভাবিক হবে। দমিয়ে রাখা যাবে ষড়যন্ত্রকারীদের।
একই সভায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,
দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে বিএনপিকে এগিয়ে নেয়া হচ্ছে। আর জাতীয় নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত উত্তরের বিএনপি। প্রতিটি জেলা ও উপজেলায় যেয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নসহ জনকল্যাণে বিএনপির পক্ষ থেকে তা ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে তৃণমূল মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পাচ্ছে দলটি।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম মিজু বক্তব্য দেন। সভায় নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
