আলো ডেস্ক
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র, এবং ইউনিয়ন, উপজেলা বা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন এখন আর সরাসরি ভোটের মাধ্যমে হবে না। এগুলো নির্বাচিত হবেন কাউন্সিলরদের বা সদস্যদের ভোটের মাধ্যমে। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, এসব পদে প্রার্থীদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ, নিরক্ষর বা অশিক্ষিত কেউ আর এই পদে নির্বাচন করতে পারবেন না।
স্থানীয় সরকার সংস্কার কমিশন সম্প্রতি মাঠ পর্যায়ের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। কমিশন জানিয়েছে, চেয়ারম্যান বা মেয়র হতে হলে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট (স্নাতক) বা সমমান। এতে করে, দেশের রাজনৈতিক পরিবেশে শিক্ষিত, সজ্জন ও গুণী ব্যক্তিদের প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা করা হবে। কমিশন মনে করে, দলীয় পেশিশক্তি এবং অর্থের কারণে সাধারণত শিক্ষিত ব্যক্তিরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেন। তবে এখন এই বাধা কাটিয়ে শিক্ষিতদের জন্য নির্বাচনী প্রক্রিয়া আরও উন্মুক্ত হতে চলেছে।
এছাড়া, ইউপি চেয়ারম্যান বা মেয়রের দায়িত্ব হবে পূর্ণকালীন। তাঁদের বেতন হবে যথাক্রমে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ের সমান। কিন্তু এখানেও একটি কঠোর শর্ত— চেয়ারম্যান বা মেয়র হতে হলে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
