সংগৃহীত
আলো ডেস্ক
তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য মানুষ বেশি বেশি করে শোনে। মানুষ তার কথা কাজের ওপর ভরসা করে। রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের বিকল্প বিএনপিসহ কোনো দলেই নেই। তারেক রহমান ডুপ্লিকেট জিয়াউর রহমান। যে পথে জিয়াউর রহমান হেঁটেছেন সেই পথে তারেক রহমানও হাঁটছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি মৌলবাদী দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। এই যুগের মডারেট সংগঠন হলো বিএনপি। ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না।
তিনি বলেন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।
এসময় জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
