আলো ডেস্ক
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘সৈকত ও প্রবাল’ নামে দুটি নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২০ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এসিওপিএস কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রেল দুটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে, ট্রেন দুটি হলো ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।
ট্রেনের সময়সূচি হলো:
৮২১ সৈকত এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে,কক্সবাজার পৌঁছাবে ৯টা ৫৫ মিনিটে। ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু।
৮২২ প্রবাল এক্সপ্রেস সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছাড়বে, যেটি ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু।
৮২৩ প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩টা ১০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু।
৮২৪ সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে। ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু।
রেল কর্মকর্তারা জানান, দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার মোট আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।
ঢাকা-কক্সবাজার রুটে নিয়মিত চলাচল করছে বিরতিহীন আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এই ট্রেন দুটির পাশাপাশি চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে ট্রেন চলাচলের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং ট্রেন দুটি চালু হলে যাতায়াতের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে জানান পর্যটকরা।
