আলো ডেস্ক
মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জুলাই-আগস্টকে রাজনৈতিক সংঘাত দাবি করে যুদ্ধাপরাধ আইনে বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন গুম, হত্যা ও নির্যাতনের একাধিক অভিযোগ থাকা সাবেক এ সেনা কর্মকর্তা এ কথা জানিয়ে বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এ আবেদন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
জুলাই-আগস্টের হত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো কোনো আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন। শুধু খালাসই চাননি বিচারিক প্রক্রিয়া অবৈধ দাবি করে আদালতে আবেদনও করেন তিনি।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিটর বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আয়নাঘরে বন্দি রাখা, নির্যাতন, হত্যার পর লাশ গুম করাসহ বহু অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয়। তাদের উদ্দেশ্য গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা।
একাধিক অভিযোগ নিয়ে কারাগারে থাকা সাবেক এ সেনাকর্মকর্তার আবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যার বিচার চলতে পারে না। কেননা জুলাইয়ে যা হয়েছে তা যুদ্ধ নয়, রাজনৈতিক সংঘাত। শুধু তাই নয়-সরকার এবং বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এ সেনাকর্মকর্তা।
মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে জানান তার বোন ও আইনজীবী নাজনীন নাহার।
এদিন জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও দুই কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
