সংগৃহীত
আলো ডেস্ক
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমার মন্ত্রণালয়ের কনসেপ্ট হলো দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করি। বড় প্রজেক্ট নয় ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে এসব প্রান্তিক অঞ্চলের চেহারা চেঞ্জ হতে পারে। যেমন এখানে যদি একটি আধুনিক ঘাট হয়, তাহলে এখানে ব্যবসা-বাণিজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে।
আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাটে একটি আধুনিক লঞ্চঘাট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমি ভোলার প্রত্যন্ত অঞ্চলে একটি লঞ্চঘাট তৈরির ব্যবস্থা করে দিয়েছি, যাতে ওইখানকার মানুষের উন্নতি হয়। ভালো একটি যোগাযোগ ব্যবস্থা থাকলে তখন সে জায়গা অনেক উন্নত হয়। আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নদীতে প্রতিবছর পলি জমছে। সব নদীতে ড্রেজিং করতে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী আছে এবং নৌযান যাতায়াত করে এমন নদীতে ড্রেজিং হচ্ছে। প্রয়োজনে ভোলাতেও নদী ড্রেজিং করা হবে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মেইন পরিবহন পথ হলো নদী। নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটির কাজ হচ্ছে নদীগুলো সচল রাখা। ভোলা নদী ভাঙন প্রবল এলাকা,সরকার নদী ভাঙন রোধে চেষ্টা করছে। আমরা যতই রেল করি, সেতু বানাই, কিন্তু আবহমান কাল থেকে নৌপথের গুরুত্ব রয়েছে। এসব নৌপথগুলো ভালোভাবে ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, নৌপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও ঘাটে টিকেটের দাম বেশিসহ যাত্রী হয়রানি অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক মো.আজাদ জাহানসহ উপদেষ্টার সফরসঙ্গী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
