সংগৃহীত
আলো ডেস্ক
কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬) নামে এক প্রতারক। এমন এক পেশাদার প্রতারককে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি ১৬ জানুয়ারি দুপুর একটার দিকে ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ওই সময় গ্রেপ্তার কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবির টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দেন।
পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সাথে এই বিষয়ে কথা বলে জানতে পারে ওই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও ওই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। ১৮ জানুয়ারি দুপুরে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেপ্তার কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।
তিনি আরও জানান, কামাল একজন পেশাদার প্রতারক। তিনি নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন প্রাথমিক জিজ্ঞাসাকে স্বীকার করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
