আলো ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এগুলো জব্দ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে কাস্টমস হাউজ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
প্রিভেনটিম টিমের উপ-কমিশনার ইফতেখায়েরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯ ৫১০ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকায় পৌঁছানোর পর রাকিবুল ইসলাম নামে এক যাত্রীকে অনুসরণ করা হয়।
পরে ১ কেজি ১৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়, যা তার মোবাইল ফোনের কাভারের নিচে বিশেষভাবে লুকানো ছিল। তিনি বলেন, পরবর্তী সময়ে আরেক অভিযানে ব্যাগেজ স্ক্যানিং করে লুকানো অবস্থায় ৯৮ গ্রাম স্বর্নালংকারসহ ৫২টি মোবাইল ফোন (ব্রান্ড: আইফোন, স্যামসাং, হুয়াওয়ে এবং গুগল পিক্সেল) ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
আইনানুগ নিষ্পত্তির জন্য উদ্ধার হওয়া মোবাইল ফোন ও ল্যাপটপগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে।
