গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আখতার জানুয়ারি ২০২৫-এর সম্ভাব্য ভ্রমণ ও পরিদর্শন কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় মাটিকাটা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে তিনি কর্মসূচির শুভ সূচনা করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি কমিউনিটি ক্লিনিক, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়, মাটিকাটা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বড়গাছি ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, এবং উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়াও, “আমার বাড়ি আমার খামার” (বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক) দারিদ্র্য বিমোচন প্রকল্প, ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য দুরে্যাগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প, এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন ও কার্যক্রমের অগ্রগতি সরাসরি পরিদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমের মাধ্যমে জনগণের সেবার মান আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রুহুল আমিন, এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাজশাহীর উদ্দেশ্যে গোদাগাড়ী ত্যাগ করেন।
